ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, জ্বালানি তেল বেশি দামে বিক্রি এবং তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) গোবিন্দাসী ইউনিয়ন বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে তাইফ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা এবং অতিরিক্ত দামে তেল বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে মাসুদ মেশিনারীতে ৪ হাজার ৬২০ লিটার তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআই-এর সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং অবৈধ ব্যবসা দমন করতে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।











