সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (৩৫) তার ছেলে মোরাদ হাসান ও পাঁচ বছর বয়সী কন্যা ইয়ামিনকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় মোরাদ তার মাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের এক কোণে ঢেকে রাখে।
পরে বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে ভোরের দিকে ছোট বোনকে নিয়ে পালিয়ে যায় সে। সকালে বাড়ির লোকজন ঘরে তালা দেখে সন্দেহ হলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মুক্তা আক্তারের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, অভিযুক্ত মোরাদ মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত এবং অনিয়মিত ছাত্র ছিল। মাদকের টাকার জন্যই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, ঘটনার পরপরই আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











