টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে প্রকৃত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তীব্র গরমে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন। অভিযানে দেখা যায়, ৪ হাজার ১শ’ টাকা ক্রয়মূল্যের একটি চার্জার ফ্যান ৭ হাজার ৪শ’ টাকায় বিক্রি করা হচ্ছে।
এ অপরাধে টাঙ্গাইল শহরের মারুফ ইলেকট্রনিক নামের একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।











