মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে জমির আইল নিয়ে বিরোধের জেরে আনছার মিয়া (৫৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে লাভু মিয়া ওরফে লেবু মিলিটারি বিরুদ্ধে। এঘটনায় আহত হয়েছেন একজন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত আনছার মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আহত জরিনা বেগম(৪৭) আনছার মিয়ার স্ত্রী।
অভিযুক্তের নাম লাভু মিয়া ওরফে লেবু মিলিটারী(৬৮)। পারিবারিকভাবে তাদের মধ্যে দাদা এবং নাতীর সম্পর্ক রয়েছে।
নিহতের ভাতিজা রাশেদ বলেন ,আজ সকালে আমার চাচা তার নিজ ধনিয়া সজ ক্ষেতের ফসল তুলে জমি মেরামতের কাজ করছিলেন। এসময় আমার চাচী তাকে সহায়তা করছিলেন। হঠাৎ পাশ্ববর্তী জমির মালিক লেবু মিলিটারী এসে অভিযোগ তুলেন তার জমির আইল নষ্টকরা হচ্ছে। এঘটনায় দাদা এবং নাতী উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে দাদা লেবু মিলিটারী আনছার মিয়াকে এলোপাথারী কিলঘুষি দেয়া শুরু করেন। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আনছার মিয়া।তার স্ত্রী জরিনা বেগম স্বামীকে বাঁচাতে আসলে তাকেও বেধড়ক কিলঘুষি দেয়া হয় বলে জানান নিহতের ভাতিজা রাশেদ।এমসয় চাচা,চাচীর চিৎকারে প্রতিবেশীদের সাথে নিয়ে তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো. সাখাওয়াত হোসেন আমার চাচাকে মৃত বলে ঘোষনা করেন।
এঘটনায় অভিযুক্ত লেবু মিলিটারীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন,কলিয়া গ্রামে জমির আইল নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়লে তাদের লোকজন তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।আমরা সরাসরি মরদেহ দেখেছি।ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়ার পর অভিযোগের ভিক্তিতে আইনুগ ব্যবস্থা নেয়া হবে।











