মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ১৮ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।











