নাগরপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার। তিনি এর আগে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে তার নিজ এলাকা দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামসহ নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে জুয়েল সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে প্রাথমিক যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তিনি আপিল আবেদন করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মাধ্যমে টাঙ্গাইল-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান জুয়েল সরকার।
দীর্ঘদিন ধরে জুয়েল সরকার নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। স্থানীয় নানা অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তিনি ভোটারদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, সংসদ নির্বাচনে জুয়েল সরকার সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ভোটের সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।











