খবরবাংলা ডেস্ক :
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীরা বিনা খরচে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ভিসায় জাপানে যাওয়ার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত প্রয়োজনীয় ব্যয় বহন করবে জাপানের প্রতিষ্ঠান টাউন লাইফ জাপান লিমিটেড।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টাউন লাইফ জাপান লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
জাপানে কর্মসংস্থানের সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের সভায় মাহদী আমিন বলেন, বাংলাদেশের জন্য জাপানের শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, জাপানি শিক্ষকদের বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি প্রশিক্ষকদের ভিসা ও আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ থেকে জাপানে যাওয়া পর্যন্ত খরচ বহন করবে প্রতিষ্ঠান সমঝোতা স্মারক অনুযায়ী, সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমাধারীদের জাপানে কর্মসংস্থান ভিসায় পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।
টাউন লাইফ জাপান লিমিটেড প্রার্থীদের প্রশিক্ষণ এবং জাপানে প্রবেশ পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে। পাশাপাশি ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে।
জাপানে কর্মস্থলে যোগ দেওয়ার পর নির্বাচিত প্রকৌশলীরা মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস পাওয়ার সুযোগ পাবেন।
প্রথম ব্যাচের চাকরি নিশ্চিত সভায় জানানো হয়, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে। এ ব্যাচের শিক্ষার্থীদের চাকরিও ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তারা আগামী অক্টোবরের মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়া শুরু করবেন।
এদিকে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষাক্রম বর্তমানে চলমান রয়েছে। ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। নির্বাচিত অন্য প্রার্থীদের আগামী জানুয়ারির মধ্যে জাপানে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
জাপানের শ্রমবাজারে নতুন সম্ভাবনা সরকারের এই উদ্যোগের ফলে বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জাপানের শ্রমবাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে দক্ষ তরুণদের জন্য এটি বিদেশে দক্ষ কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় পথ হিসেবে দেখা হচ্ছে।
সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











