খবর বাংলা ডেস্ক :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট আবারও চালু হতে যাচ্ছে। কারিগরি কিছু জটিলতার কারণে ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এ রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ের পিআইডি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালু হলে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সুযোগ তৈরি হবে।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ২০ জুন থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হবে।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ সংক্রান্ত চুক্তি জুলাইয়ের মধ্যে সম্পন্ন হওয়ার আশা রয়েছে।
ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ-জাপান বিমান যোগাযোগ আবারও সক্রিয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











