খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী তাদের জামানত ফেরতযোগ্য হয়নি। সংশ্লিষ্ট কার্যালয়ের তথ্য অনুযায়ী, এসব প্রার্থীর অনেকেই একাধিক কেন্দ্রে শূন্য, একটি বা দুটি ভোট পেয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৭ লাখ ৪৭ হাজার ৬৭ জন। ভোট পড়েছে ৩ লাখ ৩৭ হাজার ৬৯টি, যা উপস্থিতির হার ৪৫ দশমিক ৪৩ শতাংশ। পোস্টাল ভোট ছিল ৩ হাজার ৫৮৫টি। সব মিলিয়ে মোট ভোট হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৫৪টি।
এ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ৫৮৩ ভোট এবং তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৭২ ভোট। পোস্টাল ভোটে তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৬৩ ভোট বেশি পেয়েছেন।
নির্বাচনী আইন অনুযায়ী, বৈধ ভোটের এক অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে সেই সীমা ছিল প্রায় ৪১ হাজার ৪২৪ ভোট।
ভোট বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় পার্টির প্রার্থী মো. বাহাদুর ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৪০ ভোট; গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন পেয়েছেন ৬৯২ ভোট; এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী পেয়েছেন ৬৫২ ভোট; এনপিপির ইস্রাফিল হোসেন সাভারী পেয়েছেন ৬৪৯ ভোট; বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল পেয়েছেন ২১৭ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ ফারুক খান পেয়েছেন ১০ হাজার ৬২৬ ভোট, যা প্রয়োজনীয় সীমার নিচে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী নির্ধারিত শতাংশের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয় এবং এ ক্ষেত্রেও সেই বিধান অনুসরণ করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











