খবর বাংলা ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করছেন তাসনিম জারা। এরই মধ্যে তিনি গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও চাকরিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন।
তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি দুঃসংবাদের কথা জানান। তার অভিযোগ, নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলেছে। একই স্থানে তার ব্যানারের পরিবর্তে অন্য প্রতীকের ব্যানার টানানো হয়েছে।
তাসনিম জারা বলেন, যেখানে যেখানে আমাদের ব্যানার ছিল, এখন সেখানে অন্য প্রার্থীর ব্যানার ঝুলছে। বিষয়টি এলাকার মানুষ নিজের চোখেই দেখছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে আবারও সাদাকালো কাপড়ের ব্যানার টানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে অনেস্ট রাজনীতির কথা বললে সেটি শুধু কথায় সীমাবদ্ধ রাখলে চলবে না। অনেস্ট রাজনীতি একা করা যায় না, নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়।
শেষে তাসনিম জারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনাদের নেতা-কর্মীদের সামলান। সুস্থ ও ন্যায্য রাজনৈতিক পরিবেশই গণতন্ত্রের মূল ভিত্তি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











