খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সফর হতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে এ ধরনের আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব গ্রুপ গঠনসহ সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।
এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর কথাও জানান দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, দুই দেশের সংসদ কীভাবে আরও কার্যকরভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এর আগে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক হলেও বিভিন্ন সময়ে নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। সময় ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্কের ধরনেও পরিবর্তন এসেছে।
স্পিকার আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল। এখন দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করা হচ্ছে।
বৈঠকে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











