খবরবাংলা ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় চালু রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির সময়েও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতেও ওই দিন শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
ছুটির মধ্যেও করা যাবে জরুরি দাপ্তরিক কাজ শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১৫ অক্টোবর শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। এ ক্ষেত্রে শ্রেণি কার্যক্রমের জন্য নির্ধারিত ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
তবে শনিবার অফিস খোলা থাকায় শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালু রাখা হবে।
শিক্ষা-সংশ্লিষ্ট দাপ্তরিক কাজ নির্বিঘ্ন রাখতে ছুটির মধ্যেও অফিস খোলা রাখার এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











