খবর বাংলা ডেস্ক :
এ বার লক্ষ্মীপুরে সরকারের কার্যক্রম ও দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তিনি মন্ত্রিপরিষদের দুটি সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শোনার সুযোগ পেয়েছেন এবং নিশ্চিত হয়েছেন, প্রধানমন্ত্রী দেশের জন্য সততা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে অত্যন্ত সক্রিয়। তিনি বলেন, “প্রথমদিন থেকেই প্রত্যেকটি মন্ত্রণালয়-মন্ত্রী ও বিভাগের কার্যক্রমে সক্রিয় নজর রাখা হচ্ছে। কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাবের কারণে সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না।”
মন্ত্রী আরও বলেন, “আমার ওপর যে দায়িত্ব আছে তা একটি আমানত। এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য আমি সজাগ ও সতর্ক। আমাদের দেশে দুর্নীতি বিরাজ করছে। এই পরিবেশকে দুর্নীতিমুক্ত করা বড় চ্যালেঞ্জ।”
তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, “ভোটের দিন থেকে যদি কেউ বলার চেষ্টা করে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে বা ম্যানেজড হয়েছে, তা আমাদের জন্য আঘাত। বরং সহযোগিতার হাত বাড়ানো উচিত।”
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











