দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে। এতে জমির উর্বরতা হুমকির মুখে পড়েছে এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র।
সদর ইউনিয়নের মিরকুমুল্লী, আটিয়া ইউনিয়নের গড়াসিন, ফাজিলহাটী ইউনিয়নের সাহদারিপাড়া, ডুবাইল ইউনিয়নের ধানকি মহেড়া, এলাসিন ইউনিয়নের আগ এলাসিন ও দেওলী ইউনিয়নের বাবুপুর এবং ব্রাহ্মণখোলা এলাকায় কৃষিজমির টপ সয়েল অপসারণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি অফিস উদ্বেগ প্রকাশ করেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সদর ইউনিয়নের মিরকুমুল্লী গ্রামে অভিযান চালিয়ে মাটি বহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর আটক করা হয়। পাশাপাশি একটি ভেকু মেশিন জব্দ করে অকার্যকর করা হয়েছে।
দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান বলেন, যেভাবে কৃষিজমির ওপরের উর্বর মাটি কাটা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম জানান, কৃষিজমি ও নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।











