দেলদুয়ার
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে ভূমি অধিগ্রহণের প্রাপ্ত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের মধ্যে। উপজেলার সদর ইউনিয়নের টুকনিখোলা গ্রামের দেলদুয়ার মৌজার ৯৯৬ খতিয়ানের ৪৯৫২ নং দাগের ৯ শতাংশ জমির মধ্যে সাড়ে ৪ শতাংশ ভূমি সরকার কর্তৃক টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটী-কালামপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়।
জমির পৈত্রিক মালিক ছিলেন মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে নাজমুল মিয়া ও বিলু মিয়া বুলবুল। বিদেশে থাকা বড় ভাই নাজমুল মিয়া ছোট ভাই বিলু মিয়াকে ক্ষমতাপত্র প্রদান করেন সরকারি বরাদ্দকৃত টাকা উত্তোলনের জন্য। কিন্তু অভিযোগ উঠেছে, বিলু মিয়া ৭৬ লক্ষ টাকা উত্তোলন করে নাজমুলের অংশ না দিয়ে নিজের জন্য ব্যবহার করেছেন।
বড় ভাই নাজমুলের ছেলে নাহিদ এ অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। আদালত ১৪৪ ধারা জারি করে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। তবে বিলু মিয়া আদালতের আদেশ অমান্য করে দ্বিতীয় তলার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
মৃত হাফিজ উদ্দিনের স্ত্রী বলেন, “আমার দুই ছেলে মিলে এক তলা বিল্ডিং নির্মাণ করেছিল। অধিগ্রহণে পাওয়া টাকা বিলু একাই আত্মসাৎ করছে। নাজমুলের কোনো অবদান নেই বলার বিষয়টি সত্য নয়।”
অন্যদিকে, বিলু মিয়া বুলবুলের বক্তব্য, “পাকা বিল্ডিং নির্মাণে যা খরচ হয়েছে, তা সম্পূর্ণ আমার ব্যয়। তাই অধিগ্রহণের টাকা ও আমার।”
এ ঘটনায় উভয়পক্ষের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত রয়েছে।











