দেলদুয়ার
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ১০ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। জিহাদ দেলদুয়ার উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামের আমির হোসেনের ছেলে। এ ঘটনায় অপর আসামি আব্দুল্লাহ্ পলাতক রয়েছে।
গত রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের বাবা বাদি হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, প্রতিবেশী ২ কিশোর জিহাদ ও আব্দুল্লাহ্ ওই শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পাশবিক নির্যাতনে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, শিশু ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী জিহাদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।











