খবরবাংলা ডেস্ক :
দেশীয় প্রসাধনী, ত্বকের যত্ন ও ব্যক্তিগত পরিচর্যার বাজার ইতিমধ্যেই এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার আইসিসিবিতে রিমার্ক-হারল্যান গ্রুপ আয়োজিত ‘কসমেটিকা ঢাকা-২০২৬’ বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দ্রুত নগরায়ণ, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি এবং ডিজিটাল ই-কমার্সের প্রসারের ফলে এই বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে।
অনুষ্ঠানে ১৬টি দেশের অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যক্তিগত পরিচর্যা পণ্যের জন্য একটি বিশ্বাসযোগ্য কেন্দ্রে পরিণত হচ্ছে। বিশ্ববাজারে নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড রপ্তানির সুযোগ তৈরি ও পুরো সরবরাহ শৃঙ্খলকে স্থানীয়করণের তাগিদ দেন তিনি। এ ছাড়া তৈরি পোশাক খাতের মতো প্রসাধনী শিল্পেও বিদ্যমান অবকাঠামো, লজিস্টিকস ও বৈশ্বিক সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











