খবর বাংলা ডেস্ক :
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে ঢাকা বিভাগে হাম শনাক্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১২৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৩৩৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এই সময়ের মধ্যে মোট ৪ হাজার ৫৯ জন শিশুর শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১৫ হাজার ৭২৮ জন শিশু হাসপাতাল ছেড়েছে।
দেশজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জোরদার করেছে এবং আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কাজ চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











