নাগরপুর সংবাদ দাতা
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে যমুনা নদীর ‘ভূতের মোড়’ থেকে দপ্তিয়ার ইউনিয়নের নিশ্চিন্তপুর ঘাট পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে নদী থেকে প্রায় ৬৫ হাজার ৫০০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট ও চায়না জালের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। পরে নদী তীরবর্তী স্থানীয় জনগণের উপস্থিতিতে ‘ভূতের মোড়’ ও ‘নিশ্চিন্তপুর ঘাট’ এলাকায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে নাগরপুর থানা পুলিশ ও সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশের সদস্যরা সহায়তা করেন।










