খবর বাংলা ডেস্ক :
নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর জানান, বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের কৃষক মোবারক হোসেন ২০২০ সালের ১৫ জুন সকালে পটলের জমিতে কাজ করতে গিয়ে নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রানী বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুন নামে এক নারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় ছয় বছর ধরে মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











