খবর বাংলা ডেস্ক :
ঢাকা-১১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জুলাই বিপ্লবের শহীদ ওসমান বিন হাদির বোন পরিচয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন। তবে তার আসল পরিচয় ভিন্ন হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ফেসবুকে আহবান জানিয়ে বলেছেন, ওসমান হাদি জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই কেউ তাদের স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। শম্পা বলেছেন, “শুধু ওসমান হাদির আদর্শ ব্যবহার করুন, এতে আমাদের কোনো বাধা নেই।”
তিনি ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, কোনো দল বা পরিচয় দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিন। হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চও সব সময় এ মনোভাবের প্রতি গুরুত্ব দিয়েছে।
রাবেয়া ইসলাম শম্পা আরও বলেছেন, সবাই শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে মূল্যবান ভোট দিন এবং ভোট দিতে ভুলবেন না।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











