খবর বাংলা ডেস্ক :
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে এ মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি মহাসড়কে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য মিছিল বের করে দ্রুত স্থান ত্যাগ করে। পরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কিছু নেতাকর্মীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে উৎসাহমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, বিষয়টি সরাসরি পুলিশের নজরে আসেনি এবং এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলকারীরা অল্প সময়ের জন্য মিছিল করে দ্রুত সরে যায় এবং পরে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











