খবরবাংলা ডেস্ক :
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে দেশটির পুলিশ সর্বশেষ এ তথ্য জানিয়েছে। এর মাত্র কিছুক্ষণ আগে দুপুর ২টা ৩০ মিনিটের দেওয়া হিসাবে মৃতের সংখ্যা ছিল ২৮৯ জন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, ৪৪ জন নেপাল সেনাবাহিনীর সদস্য এবং ২৮ জন নেপাল পুলিশের কর্মকর্তা রয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় নিখোঁজদের সন্ধান ও হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণে সময় লাগছে।
নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ এই দুর্যোগের পর উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ প্রতিবেদনে মৃতের সংখ্যা দ্রুত বাড়ার পাশাপাশি ৯০০ জনের বেশি মানুষের নিখোঁজ থাকার তথ্যও এসেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










