খবর বাংলা ডেস্ক :
পহেলা বৈশাখে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।
এদিকে, আজ শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











