খবরবাংলা ডেস্ক :
পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সব ইউনিটকে যানবাহনের নিরাপত্তা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন নাশকতাকারীদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় দায়িত্ব পালনকালে কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশের নজরদারির আওতায় রাখতে হবে।
এছাড়া কোনো অবস্থাতেই পুলিশের যানবাহন অরক্ষিত বা নজরদারিবিহীন অবস্থায় ফেলে রাখা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, ইউনিট কার্যালয় ও অফিস কম্পাউন্ডে রাখা সব যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
জরুরি বার্তায় বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা এবং অন্যান্য ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য নাশকতা ও ঝুঁকি এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











