খবরবাংলা ডেস্ক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে অর্থ দাবির অভিযোগে আল আমিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে। মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানি ও র্যাব-১-এর গাজীপুরের একটি যৌথ দল অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার বাবার বাড়িতে গোসল করছিলেন। এ সময় মামলার অপর আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। নারীটি বাথরুম থেকে বের হওয়ার সময় বাইরে থাকা আল আমিন তাকে গলা ধরে আবার বাথরুমের ভেতরে নিয়ে যান বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এরপর জনি ওই নারীর আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং তাকে ধর্ষণ করেন। পরে আল আমিনও তাকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ধারণ করা ভিডিও অন্যত্র সংরক্ষণ করে পরে ওই নারীকে তা দেখিয়ে ভয়ভীতি ও চাপ দেওয়া হয়। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার একপর্যায়ে গত ২ আগস্ট অপর আসামি মাহবুব আলম তার মোবাইল ফোনে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে র্যাব।
রংপুর র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে র্যাব-১৩ ও র্যাব-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ গুরুতর অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











