খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত অনেক ফল আবারও চাষে ফিরিয়ে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগে যে ফলগুলো বিদেশ থেকে আমদানি করা হতো, এখন সেগুলোর অনেকই দেশে উৎপাদন করা হচ্ছে। ড্রাগন ফলসহ বেশ কিছু বিদেশি ফল এখন বাংলাদেশে সফলভাবে চাষ হচ্ছে এবং ভবিষ্যতে এসব রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।
তিনি আরও জানান, দেশের আম ও কাঁঠাল ইতোমধ্যে রপ্তানি শুরু হয়েছে। কাঁঠাল দিয়ে কাবাব, সিঙ্গারা, সমুচাসহ বিভিন্ন নতুন খাদ্যপণ্য তৈরি হচ্ছে। বিদেশেও কাঁঠাল নিয়ে গবেষণা চলছে এবং দেশেও গবেষণা কার্যক্রম বাড়ানো হচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতে বাজেট গতবারের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কিছু ক্ষেত্রে প্রণোদনা ৫৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সরকার কৃষি ও ফল উৎপাদন খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করতে কাজ করছে বলেও জানান তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











