খবর বাংলা ডেস্ক :
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৬ পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সীমা অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন আগামী ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বর্ধিত হওয়ার তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্ধিত সময়কাল ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে ফরম পূরণ এবং ফি জমা দিতে পারবেন ‘সোনালী সেবা’ এর মাধ্যমে। এছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, উক্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে, শেষ মুহূর্তের চাপ এড়াতে সময়মতো ফরম পূরণ সম্পন্ন করতে।











