খবরবাংলা ডেস্ক :
মুক্তির শুরুতেই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত এই সুপারহিরো সিনেমাটি আগাম প্রদর্শনী ও প্রিভিউ শো থেকেই রেকর্ড ৭২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বক্স অফিসে নতুন নজির স্থাপন করেছে।
এর মাধ্যমে প্রিভিউ শো থেকে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। এতদিন এই তালিকার শীর্ষে ছিল মার্ভেলের জনপ্রিয় চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার প্রিভিউ আয় ছিল ৬০ মিলিয়ন ডলার। ‘ব্র্যান্ড নিউ ডে’ সেই রেকর্ড পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করেছে।
চলচ্চিত্র বিশ্লেষকদের পূর্বাভাস, মুক্তির প্রথম সপ্তাহ শেষে শুধু যুক্তরাষ্ট্রেই সিনেমাটির আয় ২৬০ থেকে ২৮০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। আর আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হলে প্রথম সপ্তাহেই ছবিটি ৫০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন গল্পে একা স্পাইডার-ম্যান ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। নতুন পর্বে দেখা যাবে, পুরো বিশ্ব পিটার পার্কারের পরিচয় ভুলে যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে পড়েছে।
প্রেমিকা এমজে (জেনডায়া) এবং বন্ধু নেড-এর সহযোগিতা ছাড়াই এবার তাকে এক রহস্যময় নতুন খলনায়কের বিরুদ্ধে লড়াই করতে হবে।
বিশ্বজুড়ে দর্শকদের উন্মাদনা সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাকে ঘিরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মুক্তির প্রথম দিন থেকেই বিভিন্ন দেশে সিনেমাটির টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিলেছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, বর্তমান গতি অব্যাহত থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলতি বছরের অন্যতম সফল হলিউড সিনেমায় পরিণত হতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











