খবর বাংলা ডেস্ক :
চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (২৬ এপ্রিল) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি অনিক দাস (২০) কে গ্রেপ্তার করা হয়। তিনি আনোয়ারা উপজেলার করইপুরা গ্রামের যীশু দাসের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন এবং নগরীর ডিসি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
গত ১২ এপ্রিল বিকেলে সাজিদকে তার বন্ধু ফারদিন হাসান ফোন করে বাকলিয়া এক্সেস রোড এলাকার মৌসুমি আবাসিক মোড়ে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থানরত একাধিক ব্যক্তি তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরে তিনি পালিয়ে গিয়ে একটি ভবনে আশ্রয় নিলেও সেখানে হামলাকারীরা প্রবেশ করে তাকে মারধর করে এবং ভবনের লিফট শ্যাফটের খালি জায়গায় ফেলে দেয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৩ এপ্রিল সাজিদের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, গ্রেপ্তার অনিক দাসকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











