টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কথার চেয়ে কাজে বিশ্বাসী। তিনি বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই মার্কা কোনো ব্যক্তিগত নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঐতিহাসিক মার্কা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের তোরাপগঞ্জের গপ্পের বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, বিএনপি শুধু কথা বলে না, কাজের মাধ্যমে মানুষের পাশে থাকে, তাই মানুষের আস্থা ও ভালোবাসা দলের প্রতি রয়েছে। নির্বাচিত হলে তিনি টাঙ্গাইল সদরের অসমাপ্ত কাজগুলোকে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে যমুনা নদীর বেরিবাঁধ এবং মাহমুদনগরের ব্রিজ নির্মাণের কাজের অগ্রগতি ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি নারীর কল্যাণ এবং পরিবারসেবা বিষয়ে বলেন, প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, টাঙ্গাইল সদরকে বেকার মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং কর্মসংস্থান সৃষ্টি হবে তার প্রধান লক্ষ্য।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, নির্বাচিত হলে এমপিদের খুঁজতে হবে না, তিনি নিজেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন।
একই দিন কাকুয়া ইউনিয়নের পাশাপাশি কাতুলি ইউনিয়নের একাধিক এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচির বিভিন্ন পর্যায়ে উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও জনস্বার্থ বিষয়গুলো গুরুত্ব পায়।











