খবর বাংলা ডেস্ক :
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রবিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সময় কার্যালয়ে মুনতাজের ৮ থেকে ১০ জন কর্মী-সমর্থক অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক চেয়ারম্যান জহুরুল হকের সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে বিএনপি অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় ফুরকান কসাই, এছেম ও ফিরোজ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান জহুরুল হক বলেন, ঘটনাটি সাজানো এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে তার বা তার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার বলেন, বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











