খবর বাংলা ডেস্ক :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত–বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকারকে তুলে ধরে।
বিবৃতিতে আরও বলা হয়, ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা অংশীদারত্বের ধারাবাহিকতায় ভারত বাংলাদেশের নির্বাচিত সরকারের উত্তরণকে স্বাগত জানায়।
জানা গেছে, একই দিনে ভারতে আয়োজিত ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার পূর্বনির্ধারিত সূচির কারণে মোদির পক্ষে ঢাকা সফর সম্ভব হচ্ছে না। ওই সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান–সহ একাধিক বিশ্বনেতার অংশ নেওয়ার কথা রয়েছে। সামিটের ফাঁকে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে।











