খবরবাংলা ডেস্ক :
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও প্রকাশ করা গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর দাবির সত্যতা পায়নি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে দেখা গেছে, তার পরিবারের বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে এবং সবগুলো মিলিয়ে গত চার মাসে ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সিফাত আব্দুল্লাহকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী ক্ষোভ প্রকাশ করে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
সিফাত তার প্রকাশিত ভিডিওতে দাবি করেছিলেন, জুলাই ও আগস্ট—এই দুই মাসে তাকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়েছে। বিষয়টি অগ্রহণযোগ্য দাবি করে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল, একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলবো?’
তদন্তে যা পেয়েছে পল্লী বিদ্যুৎ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিফাতের বাড়িতে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তদন্ত শুরু করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
তদন্তে কর্মকর্তারা দেখতে পান, সিফাতের বাবা মো. সেকান্দার আলীর গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে।
প্রথম মিটারটিতে মে মাসে ৪৫ ইউনিটের জন্য ৩১৭ টাকা, জুনে ৫০ ইউনিটের জন্য ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটের জন্য ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটের জন্য ৫১৩ টাকা বিল এসেছে। অর্থাৎ চার মাসে ৩২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এই মিটারে মোট বিল হয়েছে ২ হাজার ৩৫৪ টাকা।
দ্বিতীয় মিটারটিতে মে মাসে ২৫০ ইউনিটের বিল ১ হাজার ৮১২ টাকা, জুনে ২০০ ইউনিটের জন্য ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটের জন্য ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের জন্য ২ হাজার ৩৯৭ টাকা বিল এসেছে। চার মাসে এই মিটারে ১ হাজার ১৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল হয়েছে ৯ হাজার ৩৮৭ টাকা।
তৃতীয় মিটারটিতে মে মাসে ১২৫ ইউনিটের বিল ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটের জন্য ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটের জন্য ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের জন্য ১ হাজার ৩৬২ টাকা বিল এসেছে। চার মাসে ৬২৫ ইউনিট ব্যবহারের বিপরীতে এই মিটারে মোট বিল হয়েছে ৪ হাজার ৫৩২ টাকা।
সব মিলিয়ে চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ১৬ হাজার ২৭৩ টাকা বিল হয়েছে।
‘দুই মাসে ১০ হাজার টাকা একটি মিটারের বিল নয়’ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ডবাজার জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর জানান, সিফাতের ভিডিও দেখে মনে হতে পারে একটি মিটারে দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিল এসেছে। কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়।
তার ভাষ্য, জুলাই ও আগস্ট—এই দুই মাসে পরিবারের তিনটি মিটারের বিল মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, জোনাল কার্যালয়ের কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে সেখানে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতির তালিকা সংগ্রহ করতে চেয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এতে আপত্তি জানানো হয় এবং কর্মকর্তাদের জন্য গেট বন্ধ করে দেওয়া হয়।
আহসান কবীর বলেন, বাড়িতে বেশি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার হলে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিল বেশি হতে পারে। তবে বিল নিয়ে কোনো অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।
এদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে ভিডিও প্রকাশের ঘটনায় সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











