খবরবাংলা ডেস্ক :
জ্বালানি ও বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, অবকাঠামো, আর্থিক সেবাসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৭ সদস্যের প্রতিনিধিদল।
সফরকালে সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। এসব বৈঠকে সম্ভাবনাময় খাত, বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা হবে।
এখন পর্যন্ত প্রতিনিধিদলের কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট বিনিয়োগের অঙ্ক বা প্রকল্প ঘোষণা করেনি। ফলে সংশ্লিষ্টরা এ সফরকে সরাসরি বিনিয়োগের প্রতিশ্রুতির পরিবর্তে বাংলাদেশে কোথায় ও কীভাবে বিনিয়োগ করা যায়, তার প্রাথমিক অনুসন্ধান হিসেবে দেখছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রতিনিধিদলের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। পরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ, অফশোর তেল-গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, তথ্য-প্রযুক্তি, হাইটেক পার্ক, ফিনটেক, ব্যাংক-বীমা, অর্থনৈতিক অঞ্চল, শিল্প, লজিস্টিকস ও সেবা খাত গুরুত্ব পাবে।
সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ব্যবসায়ীদের আগ্রহের তালিকায় জ্বালানি ও বিদ্যুৎ খাত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের অফশোর তেল-গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ রয়েছে।
তথ্য-প্রযুক্তি খাতেও হাইটেক পার্ক, সফটওয়্যার, ডাটা সেন্টার, ডিজিটাল অবকাঠামো ও ই-কমার্সে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট, পেমেন্ট গেটওয়ে ও অন্যান্য আর্থিক প্রযুক্তিনির্ভর সেবায় মার্কিন প্রতিষ্ঠানগুলোর আগ্রহ তৈরি হতে পারে।
অবকাঠামো খাতে সমুদ্রবন্দর, পরিবহন, লজিস্টিকস, অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্কে বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে সিটিব্যাংক ও মেটলাইফসহ বেশ কয়েকটি বড় মার্কিন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফরকে কাজে লাগাতে বাংলাদেশকে কোন কোন খাতে বিনিয়োগ প্রয়োজন, কী ধরনের প্রকল্প নেওয়া হবে এবং বিনিয়োগকারীদের কী ধরনের সুবিধা দেওয়া হবে—এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে নীতির ধারাবাহিকতা ও বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











