খবরবাংলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। নিজের জন্মশহর রোজারিওতে দেশটির চতুর্থ স্তরের ক্লাব লিওনেস দে রোসারিওর একটি ম্যাচে উপস্থিত ছিলেন তিনি।
২০১৫ সালে মেসির পরিবার প্রতিষ্ঠা করা এই ক্লাবটির সভাপতি তার বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে দলটি আর্জেন্টিনার প্রিমেরা সি লিগে খেলছে।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা দলের বেশিরভাগ সদস্য কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে বুয়েনোস আইরেসে ফিরে সমর্থকদের অভ্যর্থনা গ্রহণ করেন। তবে মেসি সরাসরি রোজারিওতে চলে যান এবং দলের সঙ্গে রাজধানীতে যোগ দেননি।
ছুটি শেষে তিনি ইন্টার মিয়ামিতে ফিরবেন বলে জানা গেছে। যদিও এখনও তার যোগদানের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ইতোমধ্যে মেজর লিগ সকার (এমএলএস)-এর নতুন মৌসুম শুরু হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই মেসি দলে ফিরবেন।
বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ নীরব ছিলেন মেসি। ম্যাচ শেষে তিনি শুধুমাত্র একটি পোস্ট শেয়ার করেছিলেন। এবার নিজ শহরে উপস্থিতির মাধ্যমে প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে।
তথ্য সূত্র : যমুনা টিভি











