খবরবাংলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপের ক্ষত ভুলে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী নভেম্বরে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ নামবে দুই দল।
আয়োজক কমিটির কর্মকর্তারা এই প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন। ফিফা আন্তর্জাতিক উইন্ডো কাজে লাগিয়ে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে ব্রাজিল ও জাপান ছাড়াও অংশ নেবে প্যারাগুয়ে এবং স্বাগতিক সিঙ্গাপুর।
সময়সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর বহুল প্রতীক্ষিত ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। টুর্নামেন্টের শেষ দিন ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল এবং অন্য ম্যাচে জাপানের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বিশ্বকাপের বিপর্যয় কাটিয়ে উঠতে এই সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
সিঙ্গাপুর টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে তিনটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










