খবরবাংলা ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তার ভাষ্য, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেখানে গিয়ে পাশ কাটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশের গৌরব বাড়িয়েছেন এবং সার্বভৌমত্বের শক্তি প্রদর্শন করেছেন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রিজভী বলেন, ভারতের একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদের লোকজন হাদিকে হত্যা করেছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করে কি না।
রিজভীর অভিযোগ, সামনাসামনি ভারতের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ কথা বলা হলেও ভেতরে ভেতরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, কেউ কেউ বাংলাদেশকে একাত্তরের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনকে ইশারাত মঞ্জিলে পরিণত করার মতো কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড তিরিশ লাখ শহীদের প্রতি অসম্মান।
রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের অরাজকতার পর দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তারেক রহমান কাজ করছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।











