খবরবাংলা ডেস্ক :
ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইদ্রিস আলী তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় নিয়ম অনুযায়ী তার কাগজপত্র ও তথ্য যাচাই করা হয়।
যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ইমিগ্রেশন পুলিশের তথ্যভান্ডারে ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাও ছিল বলে জানিয়েছে পুলিশ।
ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে। তার সঙ্গে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ও তার সন্তানকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. শরীফুল ইসলাম বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে এলে তার তথ্যভান্ডার যাচাই করা হয়। এ সময় তার নামে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











