দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়কের প্রয়াগজানী এলাকায় রাস্তা ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (১৭ মে) সকাল থেকে গুরুত্বপূর্ণ এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়কের লৌহজং নদীর প্রয়াগজানী ব্রিজের প্রায় ১০০ গজ পূর্ব পাশে একটি পুকুরসংলগ্ন এলাকায় কয়েকদিন আগেই সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে গর্তের অংশ ধসে পড়ে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে যায়।
দেলদুয়ার উপজেলাবাসীর জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি সড়কের একটি হলো দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়ক। অপরটি দেলদুয়ার-পাকুল্যা সড়ক। ফলে সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে টেকসই সংস্কারের অভাবে সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বর্ষায় একই সমস্যা দেখা দিচ্ছে।
দেলদুয়ার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানোর সোহেল বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। ধসে যাওয়া অংশে দ্রুত টেকসই সংস্কার প্রয়োজন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যুথী বলেন, সড়কটি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের উপযোগী করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।











