মধুপুর সংবাদ দাতা
তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকদের সৃজনশীল চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা ধারণা বিকাশে টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে মধুপুর উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন Educational Excellence Support Scheme (EESS)-এর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন এবং আলোকদিয়া বিএনপির সভাপতি রেজাউল করিম বাবুলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
প্রদর্শনীতে উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল ইনোভেশন আইডিয়া উপস্থাপন করে। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্ভাবনাময় নতুন ধারণা তুলে ধরে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।











