মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পেয়ে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। প্রক্টর অফিসে পূর্বে লিখিত সমঝোতা হওয়া সত্ত্বেও আজ রাতে সিপিএস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘাতের সৃষ্টি হয়।
ভিডিও ফাঁস ও প্রক্টর কার্যালয়ে সমঝোতা: ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর জাবির এক ছাত্রীকে মাভাবিপ্রবির এক শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় পেয়ে মারুফ নামের এক শিক্ষার্থী ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে ক্যাম্পাসে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঐ দিনই প্রক্টর কার্যালয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়। সিপিএস (ক্রাইমোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স) বিভাগ, সাংবাদিক প্রতিনিধি এবং ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলে সমঝোতাপত্রে স্বাক্ষর করে ঘটনাটির স্থায়ী নিষ্পত্তিতে একমত পোষণ করেন।
পুনরায় উত্তেজনা ও নৈশ সংঘর্ষ: পূর্বের লিখিত চুক্তি সত্ত্বেও ঐ ঘটনাকে কেন্দ্র করে আজ রাত আনুমানিক ১০:৪৫ টার দিকে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সিপিএস বিভাগ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সংঘাতমুখী অবস্থান নেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। মুহূর্তের মধ্যেই তা রক্তক্ষয়ী মারামারিতে রূপ নেয়।
এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সংবাদ লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি কাজ করছে।










