টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ১২ তলা একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণিল সাজসজ্জা, মুখোশ ও লোকজ উপস্থাপনায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নববর্ষ উদযাপন উপলক্ষে বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটে।











