মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৪ মে) সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মির্জাপুর আমলি আদালতে জামিনের আবেদন করে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানে হত্যাসহ একাধিক মামলায় শামীম আসামি ছিল।
শামীম আল মামুন পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মির্জাপুর হাইওয়ে থানায় সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি কর্মসূচী চলছিল। পুলিশ বিক্ষুব্দ ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পুলিশের গুলিতে গোপালপুরের কলেজ ছাত্র ইমন নিহত এবং গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুই চোখ অন্ধ হয়।
ওই ঘটনায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ইমন এবং হিমেলের পরিবার। ওই দুটি মামলায় আ.লীগ নেতা শামীম আল মামুনকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার শামীম আদালতে আত্মসমর্পন করলে আদালতের বিচারক সাগর তালুকদার তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো.শফিকুল ইসলাম রিপন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের এ নেতা মির্জাপুরে জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। সে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।











