মির্জাপুর সংবাদ দাতা
‘সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে কৌইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় কুমুদিনী নার্সিং কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কুমুদিনী ক্যাম্পাস ও হাসপাতাল রোডে একটি র্যালি বের করা হয়। পরে হাসপাতালের প্রধান ফটকে দিনব্যাপী বিনামূল্যে উচ্চ রক্তচাপ ও রক্তের গ্লুকোজ (ডায়াবেটিস) পরীক্ষা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ডা. সিনাং লিম, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডা. হায়োক পার্ক, পিএমসিআই চিকিৎসক ডা. স্যাংজান কিম এবং ফিল্ড ম্যানেজার লিপস মৃসহ অন্যরা।
র্যালি শেষে হাসপাতালের প্রধান ফটকে আগত মানুষের বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় ফিল্ড ম্যানেজার লিপস মৃ জানান, মির্জাপুর উপজেলার ১০টি ইউনিয়নে কৌইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে দুই দফা ক্যাম্পেইনের মাধ্যমে এ পর্যন্ত আড়াই হাজারের বেশি রোগীর বিনামূল্যে উচ্চ রক্তচাপ ও রক্তের গ্লুকোজ পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী বছর উপজেলার বাকি চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায়ও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।











