মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে বুকে গুলি লেগে তিনি আহত হন। আহত মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।
ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রে ত্রুটি থাকার কারণে গুলি নিজে ফায়ার হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত গুলি তার বুকে লাগে।
পিটিসির দায়িত্বশীল কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, এই প্রশিক্ষণ শেষ হওয়ার পর কনস্টেবলদের ৩ ফেব্রুয়ারি ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।











