খবর বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। এর আগে ৭ মে তার মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হবে।
জানা গেছে, অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে করে মরদেহটি প্রথমে দুবাই নেওয়া হবে।
পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ফ্লোরিডার টাম্পা শহরে স্থানীয় সময় ৬ মে দুপুরে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেটকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্য সূত্র : যমুনা টিভি











