খবরবাংলা ডেস্ক :
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল করতে এবং নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বেসরকারি উদ্যোগে রাজধানীর চক্রাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানায়, রাজধানীর চারপাশের নৌপথ সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
সভা শেষে সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নগরবাসীর যাতায়াত সহজ করা এবং নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের বিকাশ ঘটাতে বেসরকারি উদ্যোগে ঢাকার চক্রাকার নৌপথে পুনরায় ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











