খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সবুজ ওরফে কালাই সবুজ ও তার সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ কালাই সবুজকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালাই সবুজ রূপগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার অধিবাসী এবং এজাজুল ভুলতা ইউনিয়নের বাসিন্দা।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন জানান, ২০১১ সালে রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় ২০২৫ সালে কালাই সবুজের যাবজ্জীবন সাজা হয়।
তিনি দীর্ঘদিন পলাতক থেকে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ছাড়া তার সহযোগী এজাজুলের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, অস্ত্রসহ গ্রেপ্তারের পর আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










