খবরবাংলা ডেস্ক :
র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের পর যেন শুধু নাম ও পোশাক পরিবর্তন হয়, কিন্তু কার্যক্রম ও আচরণে কোনো পরিবর্তন না আসে—এমনটি চান না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু ঐকমত্যই ছিল না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এই বাহিনীর কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিল।
তিনি বলেন, র্যাবের পরিবর্তে নতুন যে সংস্থা গঠন করা হচ্ছে, সেটি যেন কেবল নাম ও পোশাক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। পুরোনো কাঠামো ও আচরণ একই রেখে শুধু পোশাক পরিবর্তন করা হলে সেটি অর্থবহ পরিবর্তন হবে না।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অতীতে দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মানুষকে নানা ধরনের হয়রানি, নির্যাতন ও ভয়ভীতির মধ্যে থাকতে হয়েছে। ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে এ ধরনের আচরণ আর দেখতে চান না তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। পুলিশ, র্যাব কিংবা অন্য যেকোনো রাষ্ট্রীয় বাহিনীকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে এসব বাহিনীকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীগুলোর মূল দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তাই আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার, জবাবদিহি ও নিরপেক্ষতার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।











